২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের বাসের চাপে সকালে পাটুরিয়ায় জট

ঈদযাত্রার ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ; ফেরি ধরতে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 10:26 AM

Updated : 25 Oct 2022, 10:54 AM

শুক্রবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া পুলিশ কন্ট্রল রুম থেকে চরের ডাঙা এলাকা পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকার গাড়ির দীর্ঘ সারি দেখা যায়, এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই ছিল বেশি। তবে বেলা ১০টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের যাত্রী পারাপার করায় বড় গাড়ির চাপ বেড়েছে। দেড়শর মত বড় গাড়ি সকালে সড়কে ছিল। ঘাটেও পরিবহন ও যাত্রীর চাপ রয়েছে।”

পদ্মা সেতু চালু হওয়ায় ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন এখন মাওয়া-জাজিরা হয়ে সেতু দিয়ে পদ্মা পার হচ্ছে বেশি। সে কারনে গত কয়েক দিন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাপ সেভাবে ছিল না।

তবে বৃহস্পতিবার ঈদের আগের শেষ কর্মদিবস শেষে ঈদযাত্রার মূল চাপ শুরু হয়েছে সব পথে। ঢাকার গাবতলী থেকে দক্ষিণ জনপদের বিভিন্ন জেলার বাসগুলো যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে আসছে পদ্মা পার হওয়ার জন্য। ঢাকা ছাড়ার পথে যানজট থাকায় পাটুরিয়া পৌঁছাতে সেসব গাড়ির কয়েক ঘণ্টা বাড়তি লেগে যায়। মূলত সেসব বাসেরই জট দেখা যায় সকালে। 

শুক্রবার সকাল থেকে ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা আব্দুস সালাম।

সাতক্ষীরার শ্যামনগরগামী জয় পরিবহনের যাত্রী জামাল হোসেন বলেন, “মহাসড়কে ব্যাপক জট। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় গাজীপুর থেকে রওনা হয়ে ১১ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে পৌঁছেছি। দুই ঘণ্টা ঘাটে বসে থেকেও ফেরিতে উঠতে পারিনি।”

চুয়াডাঙ্গাগামী মামনি পরিবহনের যাত্রী হাফিজুর রহমান বলেন, ঢাকার আব্দুল্লাহপুর থেকে রাত ১১টার দিকে তার বাস ছাড়ার কথা থাকলেও ছেড়েছে রাত ১টার দিকে।

“ছয় ঘণ্টায় ঘাটে এসে দেড় ঘণ্টা ধরে বসে আছি। ফেরিতে উঠতে আরও ঘণ্টা দেড়েক লাগতে পারে।”

গরমের মধ্যে দীর্ঘ সময় বাসে বসে থাকতে গিয়ে কষ্টে পড়েছেন নারী ও শিশুরাও। মামনি পরিবহনের ওই বাসের যাত্রী তৃতীয় শ্রেণির ছাত্র মিরাজুল (৮) বললো, রাতে সে ঘুমাতে পারেনি, এখন কষ্ট হচ্ছে।

ফেরির অপেক্ষায় থাকা জয় পরিবহনের চালক তৌহিদ মিয়া জানালেন, সাভার-আশুলিয়ার সড়কে ব্যাপক যানজট পেরিয়ে ঘাটে পৌঁছাতে তার সময় লেগেছে অনেক। ঘাটে এসেও দুই ঘণ্টা ধরে বসে আছেন, ফেরিতে উঠতে পারেননি।

পটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট শিবলু জানান, প্রায় একশর মত গাড়ি সেখানে ফেরি ধরার অপেক্ষায় ছিল সকাল ৮টায়। তবে ধীরে ধীর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।