২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ধরা পড়া ৩১ কেজির বাঘাইড় ৩৯ হাজারে বিক্রি

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে সাড়ে ৩১ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 05:01 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার বাহিরচর এলাকায় জেলে রওশন হালদারের জালে বিপন্ন প্রজাতির এই মাছটি ধরা পড়ে বলে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান। 

জেলে রওশন হালদার জানান, ভোরে তিনি তার সঙ্গীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যান। দীর্ঘক্ষণ কোনো মাছ না পাওয়ায় তারা হতাশ হন। বাড়িতে ফিরে যাওয়ার আগে শেষবারের মতো নদীতে জাল ফেলেন।

“জাল গুটিয়ে তোলার সময় কয়েকবার বড় ঝাঁকি দিলেই বুঝতে পারি বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পাই একটি বাঘাইড় মাছ।”

পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের আড়তে নিয়ে যান রওশন। প্রকাশ্য নিলাম তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন। 

শাহজাহান শেখ বলেন, “মোহন মণ্ডলের আড়ত থেকে নিলামে অংশ নিয়ে এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেই।”

মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। উৎসুক অনেকে মাছটি দেখতে ফেরি ঘাটে ভিড় করছেন বলে জানান এ ব্যবসায়ী।

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করা হবে।” 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত।

সম্প্রতি রাজধানীর একটি বিপণীকেন্দ্রে বাঘাইড় বিক্রি করার অপরাধে একটি সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চলতি বছরের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাঘাইড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকভুক্ত করা হয়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।