২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁ গুটিয়ে নিতে চান পাটুরিয়ার ব্যবসায়ীরা

সারা বছর যানবাহনের সারি আর যাত্রীদের পদচারণায় মুখরিত ছিল যে পাটুরিয়া, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে নেই সেই চিরচেনা কোলাহল। এমনকি ঈদ মৌসুমেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় রেস্তোরাঁ গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন ব্যবসায়ীরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম মাহি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 04:48 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

পাটুরিয়ার রেস্তোরাঁ মালিকদের সঙ্গে কথা বলে এমন খবর পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আল মদীনার মালিক লুতফর রহমান বলেন, “পদ্মা সেতু চালুর পর থেকে কাস্টমার নেই। লোকসানে চালাচ্ছি। আশা ছিল ঈদে বিক্রি বাড়বে। বাড়েনি। আগে স্বাভাবিক সময় যা বিক্রি করতাম এ ঈদে তার চেয়ে কম বিক্রি হচ্ছে।”

অতীতে ঈদ মৌসুমে দিনে ৫০ হাজার টাকার বেশিও বিক্রি হত দাবি করে তিনি বলেন, “সেখানে গতকাল বুধবার মাত্র নয় হাজার টাকার বিক্রি হইছে। মনে হইতেছে ঈদের পর ব্যবসা ছাইড়া  দিতে হইবো।”

পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় আবেদ আলীর রেস্তোরাঁ। তিনি রুটি আর খিচুড়ি বিক্রি করেন।

আবেদ বলেন, “বেচাবিক্রি নাই। বেলা ১১টা বাজার আগেই অনেক রুটি-নাশতা ও খিচুরি বিক্রি করতাম। আজ কাস্টমার নাই। বিক্রিও নাই। মাঝে মাঝে দু-একজন আসছে।”

পুলিশ কন্ট্রোল রুম এলাকার ‘পাশেন সেলফি’ নামে একটি রেস্তোরাঁয় কাজ করেন চুন্নু শেখ। পদ্মা সেতু চালুর পর থেকে তারা ভাল নেই বলে তিনি জানান।

চুন্নু বলেন, “কাস্টমার নাই। বিক্রিও নাই। মালিক কী পাইবো আর কর্মচারীরা কিভাবে মজুরি নিবো?

“পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমরা ভালো নাই।”

“আগে তো ঈদে দম ফেলা যেত না। আমার ছেলে, আমিসহ আটজন কর্মচারী হোটেলে কাজ করতাম। এবার বিক্রি তিন ভাগের এক ভাগও নাই। চাপ নাই। তাই ছেলেরে রাজবাড়ী পাঠাইছি। আমি একাই চালাচ্ছি,” বলেন শরীফুল ইসলাম নামে একজন রেস্তোরাঁ মালিক।

৩ নম্বর ফেরিঘাট এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী অজিত দাসের ভাষ্য একই রকম।

অজিত বলেন, “দেখেন, একজন কাস্টমারও নাই। ঈদের সময়, অথচ বিক্রি নাই। এভাবে চললে হোটেল মালিক আর কর্মচারীরা চলবো কেমনে?”

ঘাট এলাকায় ঈদের মৌসুমে এত কম লোক আগে কখনও দেখেননি বলে জানান রেস্তোরা মালিক শামীম মিয়া।

তবে যাত্রীরা এবার স্বস্তিতে যাতায়াত করতে পারছেন। সব যান ঘাটে এসেই ফেরিতে উঠতে পারছে, সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, “ঘাটে কোনো ভোগান্তি নেই। আগে যেমন চাপ ছিল, পদ্মা সেতু উদ্বোধনের পর তেমন চাপ নেই।”

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের জন্য বরাদ্দ ২১টি ফেরির মধ্যে ১৮টি ফেরি চাল রয়েছে বলে তিনি জানান।