২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, ২ মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের প্রাণ গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 03:39 PM

Updated : 14 Jul 2022, 06:58 PM

উপজেলার খয়েরতলা কোল্ড স্টোরের সামনে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কে বুধবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান।

মৃতরা হলেন- যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের মকছেক মল্লিকের ছেলে লুৎফর রহমান।

আরিফ মোল্লা নামের কালীগঞ্জের স্থানীয় সংবাদ কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে বগুড়া থেকে যশোরগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ বলেন, “দুর্ঘটনার সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। পরে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

নিহতদের লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে বলে ওসি মেজবাহ জানান।