কালকিনির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘অবৈধ’ গরুর হাট
মাদারীপুরের কালকিনি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘অবৈধভাবে‘ গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে।
তবে পশুর হাটের উদ্যোক্তা কালকিনির পৌর মেয়র এস এম হানিফের দাবি, এখানে কোনো স্টেডিয়াম নেই। জায়গাটি দীর্ঘদিন ধরে গরুর হাট হিসেবেই ব্যবহার হয়ে আসছে।
স্থানীয়রা জানান, কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর ঠেঙ্গামারা এলাকায় নদীর পাড়ের বিশাল অংশজুড়ে মাঠ ছিল। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ মাঠে স্টেডিয়াম তৈরির লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এটি শেখ রাসেলের নামে নামকরণ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে। পাশেই পাকা ঘর, শৌচাগার হয়েছে। সেই মাঠেই কালকিনি পৌরসভার আয়োজনে অবৈধভাবে গরুর হাট বসানো হয়।
যদিও স্থানীয়রা বলেছেন, এখানে আগে কোরবানির পশুর হাট বসত। তবে স্টেডিয়াম নির্মিত হওয়ার পরও কেন সেখানে পশুর হাট বসবে এই প্রশ্নও তুলেছেন তারা।
স্থানীয় সেলিম মোল্লা বলেন, “এখানে বিকালে এলাকার ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে। মাঝে-মধ্যে বড় খেলার আয়োজনও হয়।”
নাম প্রকাশ না করার শর্তে কালকিনি উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, মাঠটি শেখ রাসেলের নামে। এখানে গরুর হাট না বসিয়ে অন্য কোথাও বসানো উচিত ছিল। কিন্তু পৌরসভার মেয়র তার ক্ষমতাবলে এ কাজ করেছেন। কাজটি ঠিক করেননি। আমরা চাই, হাটটি দ্রুত অপসারণ করা হোক।
সরেজমিনে দেখা যায়, কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামজুড়ে বাঁশের বেড়া দিয়ে গরুর হাট তৈরি করা হয়েছে। বাঁশের খুঁটির সঙ্গে গরু বেঁধে রাখা হয়েছে।
গরুর হাট বসানো প্রসঙ্গে তিনি বলেন, “স্টেডিয়ামে কেউ হাট বসাতে চাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। মন্ত্রণালয় সে অনুমতি দিয়েছে কি-না আমার জানা নেই। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিষয়টা ভালো জানেন।”
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
কালকিনির ইউএনও পিংকী সাহা বলেন, “শেখ রাসেল মিনি স্টেডিয়াম তো আমাদের মাঠ। আমরা কালকিনিতে ১৫টি হাটের অনুমতি দিয়েছি। সেই তালিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নেই। আমি মাঠটি পরিদর্শন করে দেখব।”
তবে পৌর মেয়র এস এম হানিফ বললেন ভিন্ন কথা। তিনি বলেন, “পৌরসভা থেকে গরুর হাটের জন্য এটির জমি অধিগ্রহণ করা। এটা দীর্ঘদিন ধরে গরুর হাট হিসেবে ব্যবহার হয়ে আসছে।”
“সেই জমিতে শেখ রাসেল স্টেডিয়ামের নামে কারা যেন একটি ভবন নির্মাণ করেছে। কারা করেছে, সে ঘর কাদের কাছে হস্তান্তর করা হয়েছে, তার কিছুই জানি না। গরুর এ হাটকে স্টেডিয়ামে রূপান্তরের কোনো কাগজপত্র আমরা পাইনি।”
তবে গরুর হাটের নামে জমি অধিগ্রহণের বিষয়টি ঠিক নয় বলে রোববার দুপুরে জানিয়েছেন ইউএনও পিংকী সাহা।
তিনি বলেন, “আমি খোঁজ নিয়ে জেনেছি, এটি খাস জমি ছিল। এখানে যে স্টেডিয়াম নির্মিত হয়েছে, সেখানকার বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পরিশোধ করা হয়। আমাদের জমি বলেই আমরা বিল দেই।“
“তবে এখানে আগে গরুর হাট বসত। এ কারণেই হয়তো মেয়র এবার হাট ডেকেছেন। কিন্তু বিষয়টি আমি অবগত নাই। আমাকে কেউ জানায়নি।”
এ বিষয়ে কালকিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিক বলেন, “চর ঠেংগামারা এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামে কারা, কিভাবে গরুর হাট বসালো তা আমার জানা নেই।”
