২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএপির ‘ত্রাণ বিতরণ প্রস্তুতি সভায় হামলা’

ফেনীর ফুলগাজীতে `বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ প্রস্তুতি’ সভায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2022, 09:53 PM

Updated : 02 Aug 2022, 01:55 PM

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের অভিযোগ, শুক্রবার বিকালে উপজেলার দৌলতপুর এলাকায় এ হামলায় দলের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করে উল্টো বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন।

বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (স্থায়ী কমিটি) সদস্য খন্দকার মোশারফ হোসেন।

কেন্দ্রীয় নেতার আগমন ও ত্রাণ বিতরণ উপলক্ষে শুক্রবার বিকালে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি। প্রস্তুতি সভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালান।

আলাল বলেন, হামলায় উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদ শাহিন, ফুলগাজী উপজেলা যুবদল নেতা আকবর হোসেন, মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতনসহ প্রায় ৩০ নেতা-কমী আহত হন।

আলাল আরও বলেন, আহত নেতা-কর্মীরা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা নিতে গেলে চিকিৎসাধীন নেতা-কর্মীদের উপর ফের হামলা চালিয়ে নেতা-কর্মীদের স্বজনসহ আরও প্রায় ২০ জনকে মারাত্মকভাবে আহত করে। এ সময় আওয়ামী লগের সন্ত্রাসীরা হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বলেন, ফুলগাজীতে এখন তো কোনো বন্যা নেই। পানি অনেক আগেই নেমে গেছে। বন্যার সাথে সাথে সরকারি, বেসরকারি, আওয়মাী লীগ ও পুলিশের পক্ষ থেকে তখন ত্রাণ বিতরণ করা হয়েছিল। বিএনপি এখন কিসের ত্রাণ বিতরণ করবে?

হামলার বিষয়ে জানতে চাইলে হারুন মজুমদার বলেন, ত্রাণ বিতরণের নামে শুক্রবার বিকালে বিএনপি সভা করে পদ্মা সেতুর বিরোধিতা ও প্রধানমন্ত্রীর নামে বাজে মন্তব্য করছিল।

“এ সময় ওই এলাকা দিয়ে ফুলগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতির মিজান কোম্পানী যাচ্ছিলেন। তখন মিজান বিএনপির নেতাদের পদ্মা সেতু নিয়ে বাজে মন্তব্য না করার জন্য অনুরোধ জানান। কিন্তু বিএনপির নেতারা মিজানের উপর হামলা করেন। বিষয়টি জানতে পেরে যুবলীগ নেতারা এগিয়ে গেলে বিএনপির নেতারা তাদের উপর হামলা করেন। হামলায় যুবলীগের অন্তত ৫ জন আহত হয়েছেন।”

ফুলগাজী থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে শুক্রবার রাত ৮টা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

এদিকে শনিবার সকালে বিএনপির ত্রাণ বিতরণের বিষয়ে পুলিশ অবগত নয় বলেও ওসি জানিয়েছেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে পুলিশকে ত্রাণ বিতরণের কোনো তথ্য জানানো হয়নি বলে দাবি করেছে।