এবারও কোরবানির পশু পরিবহনের পরিকল্পনা রেলওয়ের
এবারও কোরবানির পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল’ নামে বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামী ৬ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত গবাদিপশু পরিবহন করবে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান।
গত বছরও কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন পরিচালনা করেছিল রেলওয়ে। তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিটি গরুর জন্য ভাড়া ছিল ৫৯১ টাকা ৪০ পয়সা এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ভাড়া গুনতে হয় ২৯৬ টাকা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বলেন, ”রেল মন্ত্রণালয়ে আবেদন করেছি, ৬ জুলাই থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের ব্যবস্থার জন্য। আশা করা যায়, ওই দিন থেকেই ট্রেনটি চালু হবে।
‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গরুপ্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। আর প্রতিটি ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ভাড়া গুনতে হবে ২৯৬ টাকা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।”
তিনি বলেন, “কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। এতে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে সময় লাগবে ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনটি ঢাকা গিয়ে পৌঁছাবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন; সেই ব্যবস্থাও রাখা হয়েছে।”
অসীম কুমার তালুকদার বলেন, পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার ভয় নেই।
রেলওয়ে কর্মকর্তা আরও বলেন, অনুমতি পেলে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনটি আগামী ৬ জুলাই বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে যাত্রা শুরু করবে।
মাঝে পাবনার চাটমোহর, সিরাগঞ্জের উল্লাপাড়া ও বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) ছাড়াও জয়দেবপুর, টঙ্গী, তেজগাঁও স্টেশনে বিরতি দিয়ে ঢাকা পৌঁছাবে ভোর ৫টায়।
২০২০ সালের জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পায়নি রেলওয়ে।
এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
