বীজতলায় বিষ দিয়ে চাঁদপুরে ফের অর্ধশত ঘুঘু হত্যা
চাঁদপুরের হাইমচর উপজেলায় ধানের বীজতলায় বিষ প্রয়োগ করে অর্ধশতাধিক ঘুঘু পাখি মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে বলে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান।
এর আগে ২৫ ফেব্রুয়ারি উপজেলার উত্তর আলগী এলাকায় ফসলি জমিতে বিষ প্রয়োগে বেশ কিছু ঘুঘু পাখি হত্যা করা হয়। এ ঘটনায় কৃষক স্বপন দেওয়ানকে ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
স্থানীয় সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, আমন ধানের বীজতলায় ঘুঘু পাখি খাবার খুঁজতে আসে। এ কারণে মঙ্গলবার কে বা কারা বীজতলায় বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিকে হত্যা করে। অর্ধশত ঘুঘু পাখি মারা যাওয়ার কথা জানতে পেরেছি।
বীজতলা তৈরিকারী স্থানীয় কৃষক আলী উকিল বলেন, “কে বা কারা বিষ প্রয়োগ করেছে তা আমার জানা নেই। মৃত পাখি স্থানীয়রা এদিক-ওদিক ফেলে দিচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘুসহ পাখি হত্যা করা শুধু অপরাধই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। ঘটনাটি যারাই করেছে তারা অমানবিক কাজ করেছে।
“আমরা খোঁজ-খবর নিয়ে সংশ্লিষ্ট কৃষক দোষি কি-না তা খতিয়ে দেখব।”
