শরীয়তপুর থেকে বিআরটিসি বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ
শরীয়তপুর থেকে বিআরটিসি বাস চলাচলে বাধা, ভাঙচুর এবং যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাস মালিক-শ্রমিকদের বিরুদ্ধে; এতে সাধারণ যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
পদ্মা সেতু চালুর পর শরীয়তপুর জেলা সদর ও ছয় উপজেলা থেকে রাজধানীতে সরাসরি বাস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। কিন্তু চালুর পরই স্থানীয় বাস মালিকদের একাংশের সংগঠন শরীয়তপুর জেলা বাস মালিক গ্রুপের বিরোধিতায় পড়ে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি।
বিআরটিসির শরীয়তপুরের ডিপো ম্যানেজার বুলবুল আহাম্মেদ মঙ্গলবার বিকালে বলেন, “পদ্মা সেতু চালুর পর আমরা শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় বাস চালু করি। তখন শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকায় আমাদের গাড়ি আটকিয়ে যাত্রীদের জোর করে নামিয়ে দেয় এবং বাস ভাঙচুর করে।
বিষয়টি বিআরটিসির চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে জানিয়ে ডিপো ম্যানেজার আরও বলেন, “এ নিয়ে সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যৌথ সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, বিআরটিসির আটটি বাস গোসাইরহাট, ভেদরগঞ্জ ও নড়িয়া- এই তিন উপজেলা থেকে পরীক্ষামূলকভাবে এক মাস চলবে।
“এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিআরটিসির বাস ঢাকা থেকে গোসাইরহাটের যাত্রী নিয়ে শরীয়তপুর এলে আবারও শরীয়তপুর জেলা বাস মালিক গ্রুপের লোকজন যাত্রীদের নামিয়ে দেয়।“
এ ব্যাপারে জানার জন্য সভাপতি ফারুকের মোবাইল নাম্বারে একাধিকবার কল করে এবং খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় বাস মালিকদের আরেকাংশের সংগঠন শরীয়তপুর পরিবহন লিমিটেড, নড়িয়া থেকে চলাচলকারী পদ্মা ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে, বাস মালিক গ্রুপের লোকজন তাদেরকেও বাস চলাচলে বাধা দিচ্ছে।
শরীয়তপুর পরিবহন লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন বলেন, রোববার মালিক গ্রুপের লোকজন পদ্মা ট্রাভেলস লিমিটেড, শরীয়তপুর পরিবহন লিমিটেড ও বিআরটিসির বাস শহরে ঢুকতে বাধা দেয় এবং যাত্রীদের জোর করে নামিয়ে দেয়। পরে জেলা প্রশাসতের কার্যালয়ে বৈঠক হয়েছে। কিন্তু মঙ্গলবারও একই ঘটনা ঘটেছে।
সদর উপজেলার দাসার্ত্তা গ্রামের ইউনুস শেখ, মনির হোসেন, লাল মিয়া, নুর হোসেন বেপারী অভিযোগ করে বলেন, তারা সকাল ৮টা থেকে পালং এলাকার বাসস্ট্যান্ডে আসেন ঢাকায় যাওয়ার জন্য। সেখানে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়েও কোনো বাসে উঠতে পারেননি, ভোগান্তিতে পড়েন।
অনেকে এ সময় বাধ্য হয়ে ভেঙে ভেঙে মাঝিরকান্দি ঘাট দিয়ে লঞ্চ বা স্পিডবোটে পদ্মা পার হয়ে ঢাকায় যাচ্ছেন বলে অভিযোগ করেন যাত্রীরা।
শরীয়তপুর পরিবহনের লাইনম্যান মহসিন বলেন, “আমাদের কাগজপত্র সব থাকার পরও শরীয়তপুর জেলা বাস মালিক গ্রুপ আমাদেরকে গাড়ি চালাতে দিচ্ছে না। আমাদের যাত্রীদের নামিয়ে দিচ্ছে। এটা চরম অন্যায়।“
পদ্মা ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, “শরীয়তপুর বাস মালিক গ্রুপের লোকজন আমাদের গাড়ি জেলা শহর দিয়ে চলতে দিচ্ছে না। তাই আপাতত নড়িয়া থেকে জাজিরা দিয়ে ঢাকায় গাড়ি চলাচল করছে।”
এ ব্যাপারে শরীয়তপুর জেলা বাস মালিক গ্রুপের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের সঙ্গে সমন্বয় না করার কারণে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস মালিক গ্রুপ শরীয়তপুর সুপার সার্ভিস নামে একটি বাস সার্ভিস চালু করেছে। তারা শরীয়তপুর থেকে ঢাকা নন-এসি বাসে ভাড়া নিচ্ছে ২৫০ টাকা করে। বিআরটিসি এসি বাস জনপ্রতি ৩০০ টাকা নিচ্ছে।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে এই সদস্য কিছু বলেননি।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, “সোমবার আমরা সব বাস মালিক সমিতির লোকজনকে নিয়ে বসছিলাম। সেখানে পরীক্ষামূলকভাবে বিআরটিসির আটটি গাড়ী বিভিন্ন উপজেলা থেকে চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে তারা শহর থেকে কোনো যাত্রী তুলবেন না।”
মঙ্গলবার সকালে যাত্রীদের নামিয়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “বিআরটিসির গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়ার বিষয়টি আমার জানা নেই।”
পালং থানার ওসি আক্তার হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিশৃঙ্খলার পর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বিষয়টি মীমাংসা হয়।
