২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ার অভিযোগ: যুবকের দুই হাতের কব্জি কর্তন

পরকীয়ার অভিযোগ এনে নরসিংদীর পলাশ উপজেলায় এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছেন তার নিকটাত্মীয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2022, 06:25 PM

Updated : 02 Aug 2022, 01:54 PM

মঙ্গলবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান।

ভুক্তভোগী হাদিউল মিয়ার (২৫) বাড়ি শিবপুর উপজেলায়।

ওসি বলেন, “নিকটাত্মীয় এক নারীর সঙ্গে পরকীয়ার জেরে ঘটনার সূত্রপাত বলে জানতে পেরেছি। এখনও মামলা হয়নি। মামলা হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।“

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পরকীয়ার সম্পর্ক নিয়ে হাদিউলের সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া লেগেই থাকতো। সোমবার সন্ধ্যায় চাকরির কথা বলে পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের এক আত্মীয় তাকে ডেকে নিয়ে যায়।

সেখানে হাদিউল রাত্রিযাপন করেন। ভোর ৪টার দিকে হাদিউলকে তার ওই আত্মীয় বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে তার দুই হাতের কব্জি কেটে দেওয়া হয়।

পরে চিৎকার শুনে লোকজন এসে হাদিউলকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়।