বন্যার পানি টান দিতেই ব্রহ্মপুত্রে ভাঙন, নিঃস্ব অনেক
বন্যার পানি টান দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়েছেন কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ; ফলে ভিটেমাটি হারিয়ে নতুন ঠিকানার সন্ধানে যেতে হচ্ছে এসব মানুষকে।
জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চর ও নদ-নদীর অববাহিকার নিচু এলাকাগুলোতে এখনও পানিবন্দি হাজার হাজার মানুষ। অনেকের ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও সেগুলো বসবাসের উপযোগী হয়নি। গ্রামীণ ও চরের রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি বেড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে নেমে যাওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতের চিহ্নও দৃশ্যমান হচ্ছে।
নৌকাজুড়ে দুটি পরিবারের ঘরের চালসহ অন্যান্য আসবাবপত্র। কয়েক দফায় এসব মালামাল স্থানান্তর করতে হবে বলে জানান তারা। এটি প্রথম ধাপ। এজন্য নৌকা ভাড়া বাবদ দিতে হবে আট হাজার টাকা।
আমিনুলের বাবা আশির্ধ্বো রফিকুল মিস্ত্রী বলেন, “ব্রহ্মপুত্র দুই দিনে আমার দুই ছেলের বাড়িসহ নয়জনের ভিটা ভেঙে নিয়ে গেছে। সবাই এখন খোলা আকাশের নীচে। গুজিমারীর চরের বাবুর ১২ শতক জমি ২০ হাজার টাকায় ভাড়া নিয়েছে দুই ছেলে। সেখানেই যাচ্ছি।
একই চরে ভিটেমাটি হারানো মাইদুল, মোহাম্মদ আলী, সৈয়দ দফাদার, আম্বর আলী, আনোয়ার আলী ও মুকুল এখনও মাথা গোজার ঠাঁই পাননি। এরকম দুর্যোগের সময় জনপ্রতিনিধিরা খোঁজ নেননি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
আমিনুল মিস্ত্রীর স্ত্রী নাজমা বেগম বলেন, “এখন হাতে কোনো কাজ নেই। নতুন চরে যাচ্ছি, কেউ খাবার দিলেই খেতে পারব। কারণ, রান্না করার কোনো সুযোগ নেই।
এদিকে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম চর বাগুয়ায় ভাঙন শুরু হয়েছে। প্রায় ১০ মাস আগে সেখানকার কিছু মানুষ উদ্যোগ নিয়ে চরে আনন্দবাজার নামে একটি হাট বসিয়েছিলেন। সেখানে ৩৫টি দোকান ছিল। গত কয়েকদিনের ভাঙনে ১৫টি দোকান ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে।
চর বাগুয়ার বাসিন্দা হারেছ মোল্লা জানান, বাজারের রহমত আলী, আক্কাস মোল্লা, বিপুল উদ্দিন, আমিনুল ডাক্তার (গ্রাম্য চিকিৎসক), আকবর মোল্লা, তারা চাঁদ, আল আমিন, এবাদ মোল্লা, জোমসেদ মণ্ডল, মোসলেম ডাক্তার (গ্রাম্য চিকিৎসক), মজিদ মিস্ত্রী, বাবু, ইব্রাহীম, আক্তার ও ঝরু মিয়ার দোকান নদীতে বিলীন হয়ে গেছে।
সাহেবের আলগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সায়েম বলেন, গুজমারীর চরে পাঁচটি গ্রাম। এগুলো হলো- গুজিমারী, হকের চর, কাজিয়ার চর, জোদ্দার পাড়া ও পূর্বপাড়া। প্রায় তিন হাজার মানুষের বসবাস হলেও এখন পর্যন্ত সেখানে কোনো ত্রাণ সহায়তা যায়নি। কারণ, ত্রাণ অপ্রতুল এবং এলাকা দুর্গম।
“এখানকার ১৫১টি পরিবার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে, তাদের তালিকা করে ইউএনওকে দেওয়া হয়েছে”, যোগ করেন ইউপি সদস্য।
