রাঙামাটিতে গোলাগুলিতে যুবক নিহত
রাঙামাটির রাজস্থলী উপজেলায় গোলাগুলিতে নিহত এক যুবকের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে রাজস্থলী থানার ওসি জাকির হোসাইন জানান।
নিহত যুবকের নাম অভিষেক চাকমা (৩৫)। তার সম্পর্কে আর কিছু জানায়নি পুলিশ।
ওসি বলেন, “উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় দুটি আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে এই গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। আজ দুপুরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলপাই রঙের পোশাক পরিহিত একজনের লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, “শুক্রবার রাতে দুইপক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করেছে।”
