গোপালগঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ফরিদ শেখ (৪০) উপজেলার ধোড়ার গ্রামের ইয়ার আলী শেখের ছেলে।
রোববার রাতে তাকে হত্যা করা হয় বলে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান।
তবে খুনি সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।
ফরিদ শেখের বাবা ইয়ার আলী বলেন, ফরিদ ঢাকায় বাবুর্চির কাজ করতেন। করোনা মহামারীর সময় বাড়ি এসে আর যায়নি।
“বাড়ি আসার পর থেকে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হত। স্ত্রী তাকে হত্যার হুমকি দিত। এ ঘটনায় ফরিদ কোটালীপাড়া থানায় জিডিও করে। আমার ধারণা তার স্ত্রীই তাকে কুপিয়ে হত্যা করেছে।”
ঘটনার পর তার স্ত্রী গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি জিল্লুর বলেন, ফরিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ খুনি ধরার চেষ্টা করছে।
