২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী সেলিম হত্যায় ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 02:08 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝুট ব্যবসায়ী মোহাম্মদ আলী ও মোহাম্মদ ফয়সাল।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমিন আহমেদ বলেন, ব্যবসায়ী সেলিম চৌধুরী আসামিদের কাছে দুই লাখ টাকা পেতেন। ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরী সেই টাকা আনতে যান মোহাম্মদ আলীর গুদামে। টাকা আত্মসাৎ করতে তাকে হত্যা করে হাত-পা বেঁধে বস্তায় ভরে গুদামেই পুঁতে রাখা হয়। ১১ দিন পর মরদেহের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে। তখন পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সেলিমের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়। ১১ জনের সাক্ষ্য শেষে আদালত দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং সোলায়মান ও আলী হোসেনকে খালাস দিয়েছেন বলে জানান আইনজীবী।

তবে এ রায়ে সন্তুষ্ট নন ব্যবসায়ী সেলিমের পরিবারের সদস্যরা।

মামলার বাদী বলেন, “এটি পরিকল্পিত হত্যা। ঘটনার সময় আমার স্বামীকে পেছন থেকে লোহার রড দিয়ে প্রথমে আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে তাকে জীবিত অবস্থায় পুঁতে রেখে তার উপর খাট বিছিয়ে আসামিরা গুমিয়েছে।

“আসামি মোহাম্মদ আলী ও ফয়সাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আমি তিন বছর ধরে কতবার আদালত এসেছি তার কোনো হিসাব নাই। এই রায় আমরা প্রত্যাশা করিনি। আমরা উচ্চ আদালতে যাব”, যোগ করেন বাদী।