’জামা-জুতা কেনার কথা বলে’ ২ সন্তানসহ নদীতে ঝাঁপ, মা-মেয়ে নিখোঁজ
গাজীপুরের কাপাসিয়ায় ছয় ও নয় বছরের দু্ই শিশুকে নিয়ে এক দরিদ্র গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়েছেন। এ সময় স্থানীয়রা এক সন্তানকে উদ্ধার করলেও মাসহ আরেক শিশু নিখোঁজ রয়েছেন।
উপজেলার সিংহশ্রী এলাকায় রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম জানান।
নিখোঁজ রয়েছেন উপজেলার বিবাদীয়া গ্রামের মোহাম্মদ আলী মুন্সির স্ত্রী আরিফা আক্তার (৪০) ও মেয়ে মুর্শিদা আক্তার (৭)। আরিফার আরেক মেয়ে তাহমিদা আক্তারকে (৯) স্থানীয়রা উদ্ধার করেছে।
আরিফার স্বজনদের বরাতে ওসি বলেন, ছয় বছর আগে পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি আরিফার স্বামী আব্দুল মালেক মারা যান। এরপর থেকেই পরিবারটি অসহায় হয়ে পড়ে। দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন আরিফা। ধীরে ধীরে তিনি মানসিক সমস্যায় পড়েন। এ কারণে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
“মা তার শিশু দুই মেয়েকে নিয়ে নদীর পার থেকে হঠাৎ ঝাঁপ দেওয়ার পর এলাকাবাসী একজনকে উদ্ধার করে। অপর দুইজন স্রোতের টানে ভেসে যায়। তাদের সন্ধান পাওয়া যায়নি।”
শিশু তাহমিদা আক্তার সাংবাদিকদের বলে, জামা ও জুতা কিনে দেওয়ার কথা বলে তাদের সিংহশ্রী বাজারে নিয়ে যান মা। পরে মা তাদের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছাবেদ আলী খান বলেন, টঙ্গীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে।
