কুষ্টিয়ায় নারীকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক অটোরিকশা চালক এবং তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কোর্টপাড়ার রাজু আহম্মেদ সড়কের একটি বাড়ির তৃতীয় তলায় ওই হত্যাকাণ্ড ঘটে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, রনি হোসেন নামের এক অটোরিকশা চালক রাতে থানায় এসে খবর দেন কোর্টপাড়ার ওই বাসায় তার স্ত্রী রত্না খাতুনের লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি রনি ও তার মা লিলি খাতুনকে গ্রেপ্তার করা হয়।
কোর্টপাড়ার ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন ৬০ বছর বয়সী লিলি খাতুন। তিনি সদর উপজেলার বটতৈল গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।
লিলির ছেলে রনির সঙ্গে ১৮ বছর আগে বিয়ে হয় মিরপুর উপজেলার চারমাইল বিভাগ তাঁতিবন্দ গ্রামের আজিম মৃধার মেয়ে রত্নার। ১৪ ও ১১ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে তাদের।
রত্নার বড় বোন স্বপ্না খাতুন বলেন, “কিছুদিন আগে রনি গোপনে এক নারীকে বিয়ে করে। বিষয়টি জানাজানি হওয়ায় গত কয়েক দিন ধরে রত্নার সাথে তার ঝগড়া চলছিল। রনি তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তুলতে চাইলে রত্না আপত্তি করে। তাতে ক্ষিপ্ত হয়ে রনি তাকে মারধরও করে।”
ওই খবর পেয়ে বুধবার দুপুরে রনিদের বাসায় যান রত্নার মা। সন্ধ্যার দিকে রনি তার স্ত্রী রত্নাকে বাসা থেকে কোর্টপাড়ার ওই বাড়ির তৃতীয় তলায় নিয়ে যান, যেখানে তার মা লিলি খাতুন গৃহকর্মীর কাজ করেন।
স্বপ্না বলেন, “ওখানেই রনি তার মায়ের সামনে রত্নার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারে, তারপর গলাটিপে খুন করে।”
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, রাতে হত্যার খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়। তখনই রনি ও তার মাকে আটক করা হয়।
এ ঘটনায় রত্নার বাবা আজিম মৃধা বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
