২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: শরীয়তপুরে ২ পক্ষের সংঘর্ষ, মা-মেয়ে গুলিবিদ্ধ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউপির নির্বাচন শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 11:37 PM

Updated : 14 Jul 2022, 06:24 PM

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বুধবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ হয় বলে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

এ সময় এক নারী ও তার মেয়ে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও কার গুলিতে তারা আহত হয়েছেন তা পুলিশ নিশ্চিত করতে পারেননি।

আহতদের মধ্যে ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রুবিনা আক্তার (৩৬), তার মেয়ে লামিছা (২) ও মোতাহার আলীর ছেলে ইমরান (২৮) গুলিবিদ্ধ হন।

তাছাড়া দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আতাউর রহমান (২৬), মিজানুর রহমান (৩৮), সাঈদ মিয়া (৪০), রমিজ খা (৩৮) ও আবদুর রাজ্জাক (৪০) আহত হন।

প্রত্যক্ষদর্শী নাঈমুর রহমান নাঈম ও নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জানান, ৮ নম্বর ওয়ার্ডে সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোরগ প্রতীকে জাহাঙ্গীর হোসেন খান ও ফুটবল প্রতীকে মতি শিকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাহাঙ্গীর হোসেন জয়ী হন।

তারা বলেন, জাহাঙ্গীরের সমর্থকরা বিজয় মিছিল বের করলে মতি শিকদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সংঘর্ষ হলে পুলিশ গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী কেন্দ্রের দায়িত্বরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কাদের গুলিতে ওই তিন জন আহত হয়েছেন তা জানা সম্ভব হয়নি।