ময়মনসিংহে দুদকের মামলায় সাবেক ওসি সারোয়ার কারাগারে
দুদকের মামলায় ময়মনসিংহের কোতোয়ালি থানার সাবেক ওসি গোলাম সারোয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বুধবার বিকাল ৩টার দিকে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের এপিপি সঞ্জীব সরকার বলেন, গত ৩০ মে জ্ঞাত আয়বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুদকের উপ-পরিচালক রামপ্রসাদ ওসি সারোয়ার ও তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হকের নামে মামলা করেন।
মামলায় ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে জামিন আবেদন করেন। আদালত সারোয়ারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
তবে ওসির আরেক ছেলে এনামুল হকের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।
অন্য আরও দুটি মামলায় সারোয়ারের অপর দুই ছেলের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান এপিপি।
তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে সারোয়ার ও তার ছেলেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তার সম্পদের বিবরণীতে গরমিল পাওয়ায় বিশেষ আদালতে মামলা করে দুদক।
দায়িত্বে থাকা অবস্থায় সারোয়ার মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
মঞ্জুরুল হক মামুন একজন প্রকৌশলী। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ২৯ লাখ দুই হাজার ৯২৬ টাকা ক্ষমতার অপব্যবহার করে আয় করার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয় বলে দুদকের দাবি।
নাজমুল হক মারুফ ঢাকার সাভারের জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। বাবা-ছেলে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
এনামুল হক মাসুম জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৮৬ হাজার ৪৬৭ টাকার সম্পদ অর্জন করেন বলে অভিযোগ তুলে তার নামেও মামলা করে দুদক।
