নারায়ণগঞ্জে হত্যা মামলায় কাউন্সিলর কাউসার হাজতে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলর ও সেচ্ছাসেবক দল নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
গ্রেপ্তার আবুল কাউসার আশা সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের ছেলে।
মামলার নথি থেকে পুলিশ জানিয়েছে, গত ১ মে রাত ৯টার দিকে নিলয় আহমেদ নামের এক ব্যক্তিকে ধরতে যায় বন্দর থানার এসআই রওশন ফেরদৌসের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশের ধাওয়ায় নিলয় আহমেদ বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৪ মে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস নিলয় আহমেদের লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের ঘটনায় নিহত বাবুর মা লিলি বেগম বাদী হয়ে কাউন্সিলর আবুল কাউছার আশাকে হুকুমের আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগে মামলা করেন।
পরিদর্শক আসাদুজ্জামান জানান, বুধবার ওই মামলায় কাউন্সিলর আশা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আশাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এদিকে আবুল কাউসার আশা অভিযোগ অস্বীকার করে বলে আসছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দিলে ডুবে নিলয় আহমেদের মৃত্যু হয়েছে।
তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করছেন।
এদিকে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে বলে পরিদর্শক আসাদুজ্জামান জানান।
