২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘বন্ধুর প্রেমিকাকে তুলে আনতে গিয়ে’ তরুণ খুন

মাগুরার শ্রীপুর উপজেলায় ‘বন্ধুর প্রেমিকাকে তুলে আনতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে’ এক তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও কয়েকজন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 05:41 PM

Updated : 14 Jul 2022, 06:24 PM

তবে প্রেমিকের দাবি, প্রেমিকাকে তুলে আনতে নয়, দেখা করতে গেলে তাদের ওপর আচমকা হামলা হয়।

নিহত রাসেল মিয়া (২২) উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের দলিল শেখের ছেলে।

আহতরা হলেন রাসেলের বন্ধু মঞ্জরুল জোয়াদ্দার (২২) ও রাজু আহমেদ (২৩)।

মঞ্জুরুল বলেন, “পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি মেয়েটি তার এক বন্ধুর মাধ্যমে আমাকে জানায়, পরিবার তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে।

“জানার পর আমরা মঙ্গলবার সন্ধ্যার পর পাঁচ বন্ধু দুটি মোটরসাইকেলে করে মেয়েটির বাড়িতে যাই দেখা করতে। যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই মেয়ের বাড়ির লোকেরা লাঠিসোটা নিয়ে আমাদের মারধর শুরু করে। এতে আমরা তিনজন গুরুতর আহত হই। পরে কোনোমতে আমরা সেখান থেকে পালিয়ে এলে প্রথমে আমাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়।”

তবে মেয়ের পরিবার উল্টো অভিযোগ তুলেছেন মঞ্জুরুলের বিরুদ্ধে।

মেয়ের বাবা বলেন, “মঞ্জরুল মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। স্কুলে যাওয়ার পথে মঞ্জুরুল প্রায়ই তার গতিরোধ করে প্রেমের প্রস্তাব দিতেন। এজন্য বেশ কিছুদিন তার স্কুলে যাওয়া বন্ধ ছিল।

“আমরা গরিব মানুষ। তাই মেয়ের বিয়ে ঠিক করি। এ কথা জানতে পেরে মঞ্জুরুল তার সাঙ্গোপাঙ্গ নিয়ে বাড়িতে এসে আমার মেয়েকে টেনেহেঁচড়ে তুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাতের বেলায় কে বা কারা তাদের মেরেছে সেটা আমরা বলতে পারব না।”

পুলিশ ঘটনা জানতে পেরে খতিয়ে দেখছে।

শ্রীপুর থানার ওসি লিটন সরকার বলেন, “প্রেমঘটিত বিষয়ে মারামারির কারণে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”