কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে একজনের ১০ বছরের সাজা
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তাছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে; জরিমানা না দিলে তার জন্য আরও এক বছরের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ হোসেন জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।
আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিত দাশ মামলার নথির বরাতে বলেন, ২০১৩ সালে নয় হাজার ৮৫০টি ইয়াবাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক হন মোহাম্মদ হোসেন। তার নামে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
সাতজনের সাক্ষ্যসহ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দেয় বলে জানান আইনজীবী রণজিত দাশ।
