২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গৃহকর্তাকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় চুরি দেখে ফেলায় গৃহকর্তাকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 04:38 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

তাছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের জন্য আরও এক বছরের কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের মুন্তাজ মণ্ডলের ছেলে সাহাবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী মারিয়া আহমেদ (২২)।

জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৫ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন খুন হন। তার বাড়িতে সেদিন চুরি করতে যান বাড়ির ভাড়াটিয়া সাহাবুল ও মারিয়া। চুরি দেখে ফেলায় জালালকে শ্বাসরোধ করে অচেতন করার পর বঁটি ও ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘরের মেঝেতে লেপ দিয়ে মুড়িয়ে ফেলে রাখা হয় লাশ।

নিহতের স্ত্রী রিনা খাতুন ঘটনার দিনই কুষ্টিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, থানার পরিদর্শক আননুর জায়েদ সাত দিনের তদন্ত শেষে ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। বিচার শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন দিয়েছে আদালত। তাছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছরের জন্য কারাদণ্ডও ঘোষণা করেছে আদালত।