২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 11:41 AM

Updated : 14 Jul 2022, 06:23 PM

উপজেলার আমতলী বাজারে সোমবার রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান।

নিহত মাজেদুর রহমান (২৪) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুন্টি এলাকার আজিমুল রহমানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “মাজেদুরকে ৭/৮ জন কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

“খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করে। এর মধ্যে একটি মোটরসাইকেল মাজেদুরের এবং বাকিগুলো হামলাকারীদের বলে জানা গেছে।”

তবে কি কারণে মাজেদুরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।