২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে অপহরণ ও গর্ভপাত’, গ্রেপ্তার ২

ময়মনসিংহে গৌরীপুরে ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা’ এক কিশোরীকে অপহরণ ও গর্ভপাতের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 10:35 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২২) ও তার চাচা আসাদুজ্জামান।

এর আগে এ ঘটনায় শনিবার রাতে ওই কিশোরীর মা খাইরুলকে প্রধান আসামি করে মামলা করেন। খাইরুল, তার মা ও চাচাসহ চার জনকে আসামি করা হয়।

ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মামলার পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার বরাতে ওসি আরও বলেন, সাত থেকে আট মাস আগে খাইরুল ওই কিশোরীকে ধর্ষণ করেন। সম্প্রতি সে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

“বিষয়টি ধামাচাপা দিতে ২৭ মে মধ্যরাতে খাইরুল ও তার সহযোগী সোহেল বাড়ি থেকে তরুণী ও তার মাকে অপহরণ করে। পরে ওই তরুণীকে আটকে রেখে তার মাকে ছেড়ে দেয়। পরদিন খাইরুলের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে তরুণী বাড়িতে নেই বলে তার মাকে তাড়িয়ে দেয়।”

মামলায় আরও অভিযোগ করা হয়, অপহরণের পর থেকে তরুণী নিখোঁজ থাকলে শনিবার তার মা র‍্যাব-১৪ কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। তখন র‍্যাবের পরামর্শে তিনি গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, খাইরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পহেলা জুন ওই তরুণীর সঙ্গে কোর্টে বিয়ে হয়েছে বলে খাইরুল জানিয়েছেন। তবে বিয়ের প্রমাণ হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে তরুণীর মা বলেন, তার মেয়ে কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। এই সুযোগে খাইরুল আট মাস আগে মেয়েকে ধর্ষণ করে। তবে মেয়ে তাকে কিছু জানায়নি। সম্প্রতি শারীরিক পরিবর্তনের কারণে বিষয়টি ধরা পড়ে।

অপরহরণের ১৭ দিন পর পুলিশ ও র‍্যাব তাকে উদ্ধার করে। খাইরুলের শাস্তি দাবি করেন তিনি।