কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, কৃষকের ঘুম হারাম
আসন্ন বন্যায় ঘরবাড়ি ভেঙে যাওয়ায় শঙ্কায় নির্ঘুম রাত কাটে কুড়িগ্রাম সদর উপজেলার সন্ন্যাসী গ্রামের বাসিন্দা বাহাদুর মিয়ার।
২০১৭ সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ধরলার প্রবল ঢলে ভেসে যায় তার ঘরবাড়ি। এরপর অনেক কষ্টে বাঁধের ধারেই নতুন করে ঘরবাড়ি নির্মাণ করেন এই ক্ষুদ্র চাষি।
পানি উন্নয়ন বোর্ড কয়েকটি অংশসহ ধরলা তীরের ৫২ কিলোমিটার বাঁধ মেরামত করে। কিন্তু এবারের ঘন ঘন ভারী বৃষ্টিতে আবারও তার বাড়ির পাশে বাঁধে ভাঙন ধরেছে।
শুধু বাহাদুর মিয়া নয়, সদর উপজেলা ও রাজারহাট উপজেলার ১০ গ্রামের মানুষ বাঁধ ভাঙার আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যদিও বন্যার আগেই বাঁধ মেরামত করে শক্তিশালী করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী আশ্বস্ত হতে পারছেন না।
সদর উপজেলার সন্ন্যাসী গ্রামের আব্দুল্লাহ মিয়া বলেন, মেরামতের এক বছরের মাথায় বৃষ্টিতে বাঁধ ধসে যাচ্ছে। তারা ভয়ে ভয়ে ধরলার পারে বাস করছেন।
“বন্যা হলে বড় বিপদ হতে পারে।”
একই এলাকায় বাঁধের ধারে বাস করেন দিনমজুর মহাজন মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বান্দের ভিতরা ভাঙি দরিয়া হয়া আছে। গাড়িঘোড়া চলে না। বন্যা হইলে এই বান্দ ভাঙি যাইবে।”
ধরলার চরে ভুট্টা চাষ করেন ইদ্রিস আলীসহ অনেকে।
বাঁধে গাড়ি না চলায় এই ভুট্টা বাড়ি নিতে তাকে অনেক খরচ করতে হচ্ছে বলে তিনি জানান।
সরজমিন দেখা গেছে, বাংটুরঘাট থেকে জয়কুমর পর্যন্ত অনেক স্থানে বাঁধের পাশ ধসে গেছে। কোথাও কোথাও বাঁধের ভেতর বড় বড় গর্ত হয়েছে। পথচারী ও সাইকেল আরোহী ছাড়া অন্য যান চলাচল করতে পারছে না।
সদর উপজেলার মদাজালফাড়া গ্রাম থেকে রাজারহাটের জয়কুমর গ্রাম পর্যন্ত অন্তত ৩০টি স্থানে ভাঙন দেখা গেছে। ফলে কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অচলাবস্থা।
সন্ন্যাসী গ্রামের কৃষক মামুনুর রশিদ বলেন, “২০১৭ সালে এই বাঁধের তিনটি স্থান ভেঙে যায়। অনেক গ্রাম প্লাবিত হয়। বাঁধটি আবার ভেঙে গেলে সন্ন্যাসী গ্রামের উন্নত জমি সব বালুতে ঢেকে যাবে। ঘরবাড়ি সব ভেসে যাবে। এ নিয়ে চিন্তিত সন্ন্যাসী, জয়কুমর, মদাজাল ফাড়া, কামারপাড়া, কিং ছিনাই, কালুয়ারচর , মেকলিসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।”
দিনমজুর বাবুল মিয়া অভিযোগ করেন, “অনেক দিন ধরে বাঁধের এই দুরবস্থা হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদার পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
ঠিকাদার মোস্তাফিজুর রহমান সাজু দাবি করেন, “বাঁধ মেরামতের কাজ শেষ হবার পরও ঢাকা থেকে টাস্কফোর্স না আসায় মাটি চূড়ান্ত পরিমাপ করে বিল দেওয়া হচ্ছে না। প্রতিবছর আমাকে বাঁধ মেরামত করে দিতে হচ্ছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
আর কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলছেন, বাঁধ মেরামতের কাজ এখনও সমাপ্ত হয়নি।
“যেহেতু চূড়ান্ত পরিমাপ করা হয়নি, তাই সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে ভাঙা অংশগুলো মেরামত করে বন্যার আগেই বাঁধকে শক্তিশালী করার ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।”
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২০ সালে চিলমারী থেকে লালমনিরহাটের বাসুরিয়া পর্যন্ত ৫২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত কাজ শুরু হয়। এর মধ্যে ব্রহ্মপুত্র নদের ডান তীরে ১৮ কিলোমিটা আর ধরলার ডান তীরে ৩৪ কিলোমিটার বাঁধ মেরামতে মাটির কাজ ও দুই ধারে ঘাস লাগানোর কাজ অন্তর্ভুক্ত। প্রকল্পের মোট ব্যয় ২৩ কোটি টাকা। মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুন মাসে।
