বরিশালে ’শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে’ ডাকাতি
বরিশালের গৌরনদী উপজেলায় পরিবারের সদস্যদের ‘বেঁধে ও শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি’ হয়েছে।
উপজেলার কেফায়েতনগর গ্রামে সৌদি আরব প্রবাসী হুমায়ুন হাওলাদারের বাড়িতে শুক্রবার রাতে এ ডাকাতি হয় বলে পুলিশে অভিযোগ দেওয়া হয়।
হুমায়ূনের মা আলেয়া বেগম সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে তাদের বাড়ির গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। তারা সবার হাত ও মুখ বেঁধে ফেলে। চিৎকার করলে তাকে ও তার পুত্রবধূ তানিয়া বেগমকে মারধর করে ডাকাতরা।
“পাঁচ বছরের নাতির গলায় অস্ত্র ঠেকিয়ে আলমারি, শোকেস ও ওয়ার্ডরোব ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, সাড়ে তিন লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।”
খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী ও গৌরনদী থানার ওসি আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সশস্ত্র ডাকাতরা ভবনের গ্রিল কেটে শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। তবে পুলিশ লুটের পরিমাণ নিশ্চিত করতে পারেনি।”
পুলিশ ডাকাত ধরার চেষ্টা করছে বলে জানান ওসি আফজাল।
