২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে আহত তরুণকে মৃত ঘোষণার পর বরিশাল হাসপাতালে ভাংচুর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হওয়া এক কলেজছাত্রকে মৃত ঘোষণার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ‘তার সহপাঠীরা’ ভাঙচুর করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 08:35 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

ভাঙচুরের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। আর বিচার দাবিতে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। তবে দ্রুত চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।

হাসপাতাল পুলিশ ফাঁড়ি এএসআই মো. মারুফ বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইসলামিয়া কলেজ থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বরিশাল সদর উপজেলার তালতলী বাজারে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সবাই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালের চারতলায় সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে মো. রিয়াদ হোসেন (১৮) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুইজনের চিকিৎসা শুরু করেন চিকিৎসক।

“রিয়াদের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে হামলা চালায়। তারা কক্ষের জানালা এবং আসবাবপত্র ভাংচুর করে। এ সময় নারী ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও আনসাররা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।”

রিয়াদ বরিশাল শহরের ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত দুইজন হচ্ছেন তার সহপাঠী হৃদয় ও ওসমান।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি পরিদর্শক লোকমান হোসেন।

পরিদর্শক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

ইন্টার্ন চিকিৎসকরা ঘটনার বিচার চেয়েছেন হাসপাতাল পরিচালকের কাছে। বিচার না হলে তারা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন।

তবে রিয়াদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা একজন করে চিকিৎসা দেন। তখন রিয়াদের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে আগে চিকিৎসা দেওয়ার দাবি জানালেও চিকিৎসক গুরুত্ব দেননি। আগে চিকিৎসা না দেওয়ায় রিয়াদ মারা যান। এরপর রিয়াদের বন্ধুদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ইন্টার্ন চিকিৎসকরা কান্নারত স্বজনদের ওপর হামলা চালিয়ে ‘ব্যাপক’ মারধর করেন।

এই অভিযোগ অস্বীকার করেন সার্জারি ইউনিটের ইন্টার্ন চিকিৎসক অর্নব খান।

তিনি বলেন, রোগী মারা যাওয়ার পর কলেজের ইউনিফর্ম পরা মৃতের বন্ধুবান্ধব এসে কর্তব্যরত চিকিৎসকদের রুমে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। তাছাড়া তারা দুই নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীতাহানির চেষ্টা করেন। অন্য ইন্টার্ন চিকিৎসকরা বাধা দিলে তাদের মারধর করেন রোগীর স্বজনরা।

রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা হয় বলে দাবি করেন হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিন।

হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহত রিয়াদের প্রচুর রক্তক্ষরণে হয়। হয়ত এ কারণে রিয়াদ মারা যান।

“ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের এমন আচরণ কাম্য নয়।”