২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 06:57 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

শুক্রবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সিদ্দিকুর রহমান জানান।

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের বাসিন্দা জনি আহমদের স্ত্রী আমেনা বেগম (৩৮) এবং তার মেয়ে জয়া (১১)। শিশুটি হাউজিং প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আহত জনিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে জনি মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে পাংশা উপজেলা থেকে শহরের বাসায় ফিরছিলেন। পথে বালুভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আমেনা ও জয়া রাস্তায় ছিটকে পড়ে। ট্রাকের নিচে পড়ে আমেনা ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জয়া ও জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।