ঝিনাইদহে সেচ খালে ভাঙন: প্লাবন অব্যাহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভেঙে যাওয়া সেচ খালের পাড় তিন দিনেও মেরামত হয়নি; প্লাবিত হচ্ছে নতুন নতুন ফসলের ক্ষেত।
এদিকে প্রকল্পের ভাটি এলাকায় সেচের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। চাষিরা সেচের অভাবে আউশ ধানের চারা রোপণ করতে পারছেন না।
আগেই খালপাড়ে ছিদ্র হওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। তারপর তিন দিন চলে গেলেও ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে পানি কর্মকর্তা বলছেন, তারা উদ্যোগ নিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের ঝিনাইদহের সহকারী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “খালের পাড়ের ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।“
তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা তিনি বলতে পারেনি।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এ বিষয়ে উদ্যোগ নিতে চেয়েছেন।
বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার চর বাখরবা গ্রামে জি কে প্রকল্পের প্রধান খালের বাম পাশের পাড় ভেঙে প্লাবিত হয় শ খানেক বাড়িঘর ও কিছু ফসলের মাঠ।
প্রায় ৫০ ফুট পাড় ভেঙে যাওয়ায় খালের পাড় দিয়ে যাওয়া লাঙ্গলবাঁধ-কুষ্টিয়া সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বাড়ে জনদুর্ভোগ।
এদিকে প্রকল্পের ভাটি এলাকায় সেচের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। চাষিরা সেচের অভাবে আউশ ধানের চারা রোপণ করতে পারছেন না।
উপজেলার সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন অভিযোগ করেন, “আট-দশ দিন আগে থেকে পাড়ের ছিদ্র দিয়ে পানি ঢুকছিল। তখন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মচারীদের জানানো হয়।
“তাদের গাফিলতির কারণে খালের পাড় ভেঙে তার ইউনিয়নে চরবাখরবা গ্রামের বাড়িঘর প্লাবিত হয়। পানি মাঠে ঢুকে তিনটি গ্রামের পাট, ধানসহ অন্যান্য ফসল প্লাবিত হয়েছে। আজও পানি ঢুকছে।”
