২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে ইউরোপ-আমেরিকায় বেকার হয়েছে, বাংলাদেশে হয়নি: খালিদ

কোভিডে ইউরোপ-আমেরিকায় লাখ লাখ যুবক বেকার হলেও বাংলাদেশে কেউ কাজ হারায়নি বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 04:33 PM

Updated : 14 Jul 2022, 06:21 PM

শনিবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের একজন। তার নেতৃত্বে বাংলাদেশে কেউ বেকার হবে না।

“গেল দুই বছরের করোনাভাইরাসের সময়ে আমরা সেটা প্রমাণ করেছি। আমেরিকায় লক্ষ লক্ষ যুবক বেকার হয়ে গেছে। ইউরোপেও বেকার হয়েছে। কিন্তু বাংলাদেশে কেউ বেকার হয়নি।”

এ সময় পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, সেতুর উদ্বোধনকে ঘিরে বহুমাত্রিক অনুষ্ঠান হতে যাচ্ছে। তারিখ ঘোষণার পর থেকেই মানুষের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে জমকালো একটা অনুষ্ঠান বাংলাদেশে হতে যাচ্ছে।

পদ্মা সেতু উদ্বোধন করার পর ফেরি সার্ভিস চালু থাকবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, এই রুটের ফেরি সার্ভিসের চাহিদা আছে। দূরপাল্লার যেসব পণ্যবাহী যানবাহন আছে তারা ফেরি পথ বেছে নিবে। এতে তাদের বিশ্রাম হবে। বিষয়টি চালক ও তাদের সহযোগীদের জন্য অত্যন্ত জরুরি। যমুনা নদীর পারে বঙ্গবন্ধু সেতুর পাশে এরকম একটি বিশ্রাম এলাকা তৈরি করা হয়েছে। তেমনিভাবে পদ্মায়ও আমাদের এই ফেরি সার্ভিস এই ধরনের একটা বিশ্রামের কাজে ব্যবহার হবে। সে কারণে এই ফেরি সাভিসের চাহিদা পণ্যবাহী যানের ক্ষেত্রে বেশি থাকবে।

তিনি আরও বলেন “আমরা এরই মধ্যে সমগ্র বাংলাদেশ স্টাডি করেছি। বিভিন্ন স্থানে ফেরি সার্ভিসের চাহিদা আছে। আমরা এখনও উপকূলীয় এলাকায় ফেরি সার্ভিসটা দিতে পারিনি। রংপুর, কুড়িগ্রাম, গাইাবান্ধা, সিরাজগঞ্জ, পাবনায় ফেরি সার্ভিসের অনেক চাহিদা আছে। আমরা আরও ১২টি ফেরি এ বছর পেতে যাচ্ছি। এই সেবাগুলো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেব।“

ঘাট পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন প্রতিমন্ত্রী। এ সময় বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।