২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্প পালানো ৮ রোহিঙ্গা ফেনী থেকে গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প থেকে পালানো আট রোহিঙ্গা যুবককে ফেনীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 10:44 AM

Updated : 14 Jul 2022, 06:21 PM

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার মহিপাল এলাকার শহীদ শহিদুল্লা কায়সার সড়কের ‘গোল্ড স্টার’ নামের একটি আবাসিক হোটেল থেকে শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের হামিদ হাসানের ছেলে আবদুস শুক্কুর (১৯), নুর আহম্মদের ছেলে আবদুল মন্নান (২০), কবির আহম্মেদের ছেলে এনামুল হক (২১), আব্দুস সালামের ছেলে মো. জামাল উদ্দিন (২২),বদি আলমের ছেলে সফি আলম (২৫), বালুখালী আশ্রয়শিবিরের আলী হোসেনের ছেলে নবী হোসেন (১৮), ফজল আহম্মদের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (২১) ও আবু সৈয়দের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩০)।

ওসি বলেন, “গোল্ড স্টার আবাসিক হোটেলে রোহিঙ্গাদের অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এই আট রোহিঙ্গা যুবক তিন-চার দিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী আশ্রয়শিবির থেকে পালিয়ে ওই হোটেলে অবস্থান করছিল। তারা সেখানে থেকে শহরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।”

পুলিশ ওই আট রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে বলে জানান নিজাম উদ্দিন।