২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-ভোলার সীমান্তের চরে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১২

বরিশাল ও ভোলার সীমান্তবর্তী দুটি গ্রামের বাসিন্দাদের বিবাদ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 10:47 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান।

বৃহস্পতিবার বিকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চর মহিষামারা গ্রামে এ হামলা হয়।

গ্রেপ্তাররা হলেন মহিষমারা গ্রামের নান্নু হাওলাদার (৪০), রিপন হাওলাদার (২০), আলী হোসেন (১৮), রিয়াজউদ্দিন (৩৫), সাইফুল (১৮), শাহজাহান হাওলাদার (৭০), হানিফ হাওলাদার (৩০), লাকী (৩০), ফিরোজা বেগম (৫০), সাথী (৩০), আমেনা বেগম (৩০) ও আছমা বেগম (৩৫)।

ওসি এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলা সদরের চর চটকিমারা ও বরিশালের মেহেন্দিগঞ্জের চর মহিষামারা গ্রামের মধ্যবর্তী একটি খালের আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রামের বাসিন্দাদের বিরোধ রয়েছে। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

“বৃহস্পতিবার বিকালে এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ চর চটকিমারার লোকজনকে শান্ত করে; পরে চর মহিষামারা এলাকায় যায়। মহিষমারা গ্রামে পুলিশের উপর হামলা হয়। এতে ভোলা থানার দুই কনস্টেবল আহত হন।”

ওসি জানান, এই ঘটনায় দুই জেলার সীমান্তে স্থাপিত পুলিশ ক্যাম্পের এসআই ইনজামুল হক ভোলা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ২৪ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়।

ওই মামলার আসামি হিসেবে শুক্রবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি এনায়েত জানান।

পুলিশ ক্যাম্পটির এএসআই মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, চরের মালিকানা নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। মালিকানা দাবিতে দুই পক্ষ আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে। ওই চরে গরু-মহিষ চড়ানো নিয়ে প্রায়ই তারা সংঘর্ষে জড়ায়। বৃহস্পতিবার বিকালে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

“পুলিশ চর চটকিমারা গ্রামের বাসিন্দাদের শান্ত করে মহিষমারা গ্রামের লোকজনকে শান্ত করতে গেলে তারা পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশ শটগানের ২৮ রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুই কনস্টেবলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও গ্রেপ্তার চর মহিষমারার হানিফ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার শরীরেও আট স্থানে ছড়রা গুলি বিদ্ধ হয়েছে।