২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভারতফেরত যাত্রীর জ্বর, র‌্যাশ; হাসপাতালে প্রেরণ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতফেরত এক বাংলাদেশির গায়ে জ্বর ও র‌্যাশ থাকায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 08:26 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

ওই ব্যক্তির ‘চিকেনপক্স’ হয়ে থাকতে পারে বলে জেলা স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ওই বাংলাদেশি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন।

৪২ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, সন্দেহভাজন ব্যক্তি পর্যটন ভিসায় ভারত গিয়েছিলেন। শুক্রবার তিনি ভারত থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

“স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে র‌্যাশ ও উচ্চ তাপমাত্রার কারণে সন্দেহ হলে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।”

ইউসুফ আলী জানান, তাকে দুপুরে যশোর সদর হাসপাতালের পুরুষ আইসোলেশন ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরের উপসর্গগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

“তবে প্রাথমিকভাবে এটিকে 'চিকেনপক্স' বলে ধারণা করা হচ্ছে।”