ঝিনাইদহে ভ্যান-বাইক সংঘর্ষে কৃষক নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছে।
উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা এলাকায় শুক্রবার সকালে তিনি নিহত হন বলে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান।
নিহত আলমগীর হোসেন (৪০) উপজেলার কুল্লা গ্রামের আকবর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আলমগীর মোটরসাইকেলে করে নেপা মোড় থেকে দত্তনগর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গেলে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন।
পরিবার অভিযোগ না দেওয়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি সেলিম মিয়া।
