কক্সবাজারে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজার সদর উপজেলায় ছুরিকাঘাতে এক ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে।
উপজেলার পিএমখালী ইউনিয়নের ঘাটকুলিয়া পাড়ায় শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান।
মৃত রমজান আলী (২৩) ঘাটকুলিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
সেলিম জানান, স্থানীয়রা সড়কের পাশে একজনকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, "নিহতের পিঠে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।"
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ পরিদর্শক।
