মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো পুকুরে
নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের সাত ঘণ্টা পর পুকুরে ভাসমান এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, উপজেলার পাইকুড়া ইউনিয়নের উত্তরাটি গ্রাম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মৃত আশরাফুল ইসলাম (১৩) ওই গ্রামের ভুট্টো মিয়ার ছেলে এবং স্থানীয় মজলিশপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা নুরানী বিভাগের ছাত্র ছিল।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে যায় আশরাফুল।সন্ধ্যার সময়ও সে বাড়ি না ফেরায় তাকে আশেপাশে খোঁজাখুঁজি করা শুরু হয়। এক পর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়।
“পরে আশরাফুলের বাড়ির লোকজন স্থানীয়দের কাছে জানতে পারেন যে, পাড়াতলী গ্রামের রাস্তার পাশে খোকন মিয়ার পুকুরে অন্য ছেলেদের সঙ্গে আশরাফুলকে বিকালে মাছ ধরতে দেখা গেছে। পরে পরিবারের সদস্যরা ওই পুকুরে গিয়ে আশরাফুলের ভাসমান লাশ দেখতে পান।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান আলী হোসেন।
