২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সিটি নির্বাচন: ইভিএম প্রশিক্ষণ নিচ্ছেন ২ হাজার কর্মকর্তা

কুমিল্লা সিটি নির্বাচনের প্রস্তুতি হিসেবে কর্মকর্তাদের ইভিএমের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 01:01 AM

Updated : 25 Oct 2022, 10:43 AM

কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় এ প্রশিক্ষণ শুরু হয়।

রোববার পর্যন্ত চলা এ কর্মসূচিতে ২ হাজার ২০০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০৫টি কেন্দ্রের সবগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। এজন্য প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

শাহেদুন্নবী বলেন, প্রায় ২ হাজার ২০০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ নিচ্ছেন। ধাপে ধাপে এ প্রশিক্ষণ দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে ১০৫টি কেন্দ্রের মধ্যে ৮৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, “ঝুঁকিপূর্ণ বলতে আমরা বুঝি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা সব কেন্দ্রকেই সমানভাবে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। তবে অনেকগুলো কেন্দ্র থাকবে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে। প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক পুলিশ, এপিবিএন, আনসার সদস্য থাকবে। মাঠে থাকবে র‌্যাব ও বিজিবি।”

জেলা প্রশাসক মো.কামরুল হাসান বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ২৭টি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেটসহ ১২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। তাছাড়া পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে।