২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই তরুণের মাথা ন্যাড়া করে আলকাতরা দিলেন ‘ইউপি সদস্য’

পটুয়াখালীতে দুই বরযাত্রীর মাথা ন্যাড়া করে আলকাতরা লাগানোর অভিযোগে ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 09:57 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বিয়েবাড়িতে ‘মেয়েদের সঙ্গে কথা বলায়’ সালিশ বৈঠক করে তাদের ওপর এই নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মামুনুর রহমানের আদালতে বৃহস্পতিবার দুপুরে এই অভিযোগ দেওয়া হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলে আদেশ দিয়েছে, জানিয়েছেন পটুয়াখালী আদালতের আইনজীবী মো. রাইসুল ইসলাম।

মামলার বাদী জেলার গলাচিপা উপজেলার চরবাংলা গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. তুহিন (১৯)।

বিবাদীরা হচ্ছেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সায়েম গাজী, একই এলাকার হাদি হাওলাদার ও মো. হযরত হাওলাদার।

বাদী তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার তারা ৮ নম্বর ওয়ার্ডে এক বাড়িতে বরযাত্রী যান। সেখানে খাবার খেয়ে বেয়াইন সম্পর্কের এক মেয়ের সঙ্গে তিনি ও কালু নামে তার এক বন্ধু কথা বলেন।

“এ কারণে ইউপি সদস্য সায়েম গাজীসহ কয়েকজন মিলে সালিশ বৈঠক করেন। সায়েম গাজী তার লোকজনকে ক্ষুর আনতে বলেন। আমরা হতবাক হয়ে তাকিয়ে থাকি। সায়েম গাজীর নির্দেশে হযরত ও হাদী আমাদের মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন। এর সুষ্ঠু বিচার না হলে আমাদের আত্মহত্যা ছাড়া উপায় নাই।”

নির্যাতনের পর তারা লজ্জায় গহিন বনে পালিয়ে যান বলে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাসান সরদার ভিডিও বক্তব্যে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “পরে তাদের পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে তাদের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসেন। আমি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছি এবং ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তবে তরুণরা পুলিশে অভিযোগ দেননি।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, তিনি ঘটনা শুনেছেন। দুই তরুণের সঙ্গে কথাও বলেছেন। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

‘মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেওয়ার ঘটনা’ সত্য বলে জানিয়েছেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বাবুল মুন্সি।

চেয়ারম্যান বলেন, “ঘটনাটি আমি জেনে তরুণদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি নিন্দনীয়। আমি ধিক্কার জানাই।”

তিনি ইউপি সদস্য মো. সায়েম গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন জানিয়ে বলেন, “তার মোবাইল ফোন বন্ধ। তবে তার ভাই আমার কাছে এসে বলেছেন, তারা এ ঘটনা ঘটাননি।”

সায়েম গাজীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিও।