ঝিনাইদহে কর্মকর্তার ‘গাফিলতিতে’ সেচ খালের পাড় ভেঙে বন্যা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সেচ খালের পাড় ভেঙে ফসল তলিয়ে গেছে; সেচ প্রকল্পের কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ।
উপজেলার চরবাখরবা এলাকায় বৃহস্পতিবার সকালে এই ভাঙনের পর লাঙ্গলবাধ-কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চরবাখরবা গ্রামের বাসিন্দা ফজলু মিয়া বলেন, প্রায় এক সপ্তাহ আগে জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ছিদ্র হয়ে পানি বের হয়। সংশ্লিষ্টদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি।
এর আগেও খালের পাড় ভেঙে কয়েকটি গ্রাম ও ফসলের মাঠ প্লাবিত হয় বলে অভিযোগ করেন তিনি।
একই গ্রামের ঝন্টু শেখ বলেন, খালে প্রচুর পানি ছাড়া হয়েছে। বৃহস্পতিবার চাপ বেড়ে পাড় ভেঙে যায়। এতে তার পুকুরের মাছ ভেসে গেছে।
ঘরে পানি ঢুকে যাওয়ায় রান্না করতে পারেননি ওই গ্রামের আকলিমা বেগম। তার ছেলেমেয়ে অভুক্ত বলে জানান তিনি।
জিকে প্রকল্পের ঝিনাইদহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, “পাড় ভাঙার খবর পেয়ে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।”
