নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু
নারায়ণগঞ্জ নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর দেওভোগ আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর মডেল থানার এসআই সিরাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা দীপক ঘোষের স্ত্রী মনি রাণী ঘোষ (৩৫), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তি রাণী ঘোষ (৪০) এবং রনজিত ঘোষের স্ত্রী বিমলা রাণী ঘোষ (৫৫)। তারা সর্ম্পকে জা হন।
বিমলা রাণী ঘোষের ভাইয়ের মেয়ে লক্ষ্মী রাণী বলেন, দুপুরে বাসার সামনে নর্দমা পরিষ্কার করছিলেন মনি রাণী। এ সময় তিনি বাড়ির কলাপসিবল গেইট ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তার চিৎকার শুনে বিমলা ও বাসন্তি এগিয়ে যান।
“মণি রাণীকে বাঁচাতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।“
লক্ষ্মী রাণী আরও বলেন, “বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেইটের ভিতর দিয়ে টানা ছিল। কোনো কারণে হয়তো সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। আর এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।“
এসআই সিরাজুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
“কিভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটল এবং তিনজনের মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে“, বলেন এসআই।
