কুষ্টিয়ায় আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ‘নকল ব্যান্ডরোলের’ প্রতিবাদ
নকল ব্যান্ডরোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার আকিজ বিড়ি ফ্যাক্টরি ব্যবস্থাপকের বিরুদ্ধে।
তাছাড়া এর প্রতিবাদ করায় শ্রমিকদের চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ তুলে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন শ্রমিকরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামে এই প্রতিবাদ হয়। গ্রামের কুষ্টিয়া-প্রাগপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন। পুলিশ আটক করে তিনজনকে।
দৌলতপুর থানার পরিদর্শক জাবীদ হাসান বলেন, “শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন অসন্তোষ ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। রাস্তা অবরোধ করায় পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।”
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে জানিয়ে পরিদর্শক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়।
কুষ্টিয়ার সহকারী রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) বিএম সাজ্জাদুল হক বলেন, ব্যান্ডরোল জালিয়াতির খবর পেয়ে তারা তদন্তে নেমেছেন। অভিযোগের সত্যতা পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগ সম্পর্কে কারখানা ব্যবস্থাপক রাসুল উদ্দিন পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রতিবারই তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন। পরে এসএসএম পাঠালেও তিনি উত্তর দেননি।
