কুমিল্লা বিএনপির সেই আমিরকে অব্যাহতি, বকুল আহ্বায়ক
বিএনপি কুমিল্লা মহানগর শাখা কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগকারী আমিরুজ্জামান আমিরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শওকত আলী বকুলকে।
বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বুধবার দুপুরে বলেন, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে বিষয়টি জানানো হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন গঠনের ১১ বছর বাদে বিএনপি মহানগর কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আমির।
তিনি বলেন, বিগত সময়ে সরকারের সঙ্গে আঁতাত করে যারা সুযোগ-সুবিধা নিয়েছেন এবং সরকারি দলের এমপির ডিও লেটারে মামলা থেকে রেহাই পেয়েছেন এমন ব্যক্তিকে সদস্যসচিব করা হয়েছে।
“আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। দলে আমাদের ত্যাগ রয়েছে। আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন না করে কথিত বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপুকে সদস্যসচিব করা হয়েছে। আমি যাদের নিয়ে রাজনীতি করব, তারা যদি দলে ভাল পদ না পান, তাহলে কাদের নিয়ে রাজনীতি করব? এ অবস্থায় আমি মহানগরের আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।”
আমিরকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “দলীয় শৃঙ্খলা বর্হিভুত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।”
এদিকে নতুন দায়িত্বের প্রতিক্রিয়ায় শওকত আলী বকুল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, তা আমি সততা ও ইমানের সঙ্গে পালন করব। দীর্ঘদিন ধরে আমি বিএনপির সঙ্গে আছি। দল আমাকে মূল্যায়ন করেছে। দলের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বিলিয়ে দিতে হলে তাই করব। তবে কখনও দলের প্রশ্নে আপোষ করব না।”
৩০ মে আমিন উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিমকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি, আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ৪৪ সদস্যের কুমিল্লা মহানগর বিএনপির কমিটি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এটাই বিএনপির প্রথম মহানগর কমিটি। আমিরুজ্জামান আমির বিএনপি নেতা আমিন উর রশীদ ইয়াছিনের অনুসারী। আর ইউসুফ মোল্লা টিপু বহিষ্কৃত বিএনপি নেতা ও কুসিকের সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর অনুসারী বলে পরিচিত।
আরও পড়ুন:
