শরীয়তপুরে আধিপত্য বিস্তারের জেরে শিক্ষককে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম মালত (৪৮) উপজেলার সেনেরচর বিএম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার রাত ১০টার দিকে জাজিরার খোশাল শিকদারকান্দি এলাকায় তাকে হত্যা করা হয় বলে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এলাকার সুজন মিয়া (৩৫) নামে পুলিশ একজনকে আটক করেছে বলে জানান ওসি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শরীয়তপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।
এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে তার বড় ভাই শামছুল হক মালতের অভিযোগ।
