২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

হবিগঞ্জে স্বামীর হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 06:07 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

হবিগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত রায় সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মনু মিয়া (৩৬) জেলার বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর গ্রামের ইয়াছিন উল্লার ছেলে।

আসামি মুন মিয়া পলাতক রয়েছেন।

তাছাড়া উস্তার মিয়া নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেখসুর খালাস দিয়েছে।

মামলার নথি অনুযায়ী, মনু মিয়া একই গ্রামের এক গৃহবধূকে ২০১৬ সালের ১৪ জানুয়ারি দুপুরে ধর্ষণ করেন। সে সময় গৃহবধূর দিনমজুর স্বামী বাড়ির বাইরে ছিলেন। পরে গ্রাম পুলিশ গিয়ে মনু মিয়াকে আটক করে। খবর পেয়ে তার ভাই উস্তার মিয়া তাকে ছিনিয়ে নেন। দুই দিন পর গভীর রাতে মনু মিয়া ওই গৃহবধূর ঘরে সিঁধ কাটেন। তার স্বামীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে আবার ধর্ষণ করেন।

এর দুই দিন পর গৃহবধূ বানিয়াচং থানায় মনু মিয়া ও উস্তার মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। বানিয়াচং থানার এসআই মুজিবুর রহমান একই বছরের ২০ এপ্রিল মনু মিয়া ও উস্তার মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।

আদালত ১৩ জনের সাক্ষ্য শেষে আসামি মনু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের বিশেষ পিপি মাসুম মোল্লা বলেন, “এ রায়ে রাষ্ট্রপক্ষ আনন্দিত। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।”