২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণে অন্তঃসত্ত্বা’ তরুণী, ছবি দেখে চিহ্নিত যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের পাগলায় বাকপ্রতিবন্ধী এক তরুণীর ‘ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা’ হয়ে পড়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মেয়েটি ছবি দেখে জড়িত হিসেবে চিহ্নিত করে বলে জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 03:46 PM

Updated : 14 Jul 2022, 06:18 PM

রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের কাউরাইদ এলাকা থেকে মো. জহিরুল ইসলাম নামের ওই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার দুপুরে র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গ্রেপ্তার মো. জহিরুল ইসলাম (২৮) পাগলা থানার পাইথল ইউনিয়নের মো. নাছির মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ার জানান, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাকপ্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন জহিরুল। মেয়েটি কথা বলতে না পারায় তার পরিবারকে বিষয়টি জানাতে পারেনি।

সম্প্রতি মেয়েটি জন্ডিসে আক্রান্ত হলে তাকে কবিরাজি ওষুধ খাওয়ানো হয়। প্রথমে সে সুস্থ হয়ে বোধ করলেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর ২০ মে মেয়েটিকে ডাক্তার দেখানো হলে তাকে আলট্রাসনোগ্রাফি করানো হয়। ওই পরীক্ষার পর মেয়েটি অন্তঃসত্ত্বা বলে তার পরিবার জানতে পারে।

এ অবস্থায় এলাকার কিছু ‘বখাটে’ ছেলের ছবি মেয়েটিকে দেখানো হলে সে জহিরুলকে ‘ধর্ষক’ হিসেবে চিহ্নিত করে।

পরে বিষয়টি জানাজানি হলে জহিরুল এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‌্যাব জানায়, এ ঘটনায় গত ২৭ মে রাতে মেয়েটির মা বাদী হয়ে জহিরুলকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পর তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আনোয়ারের ভাষ্য, জহিরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।