জমি নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, পরে লাশ মিললো পুকুরে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির কয়েক ঘণ্টা পর ছোট ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাড়ির পুকুর থেকে
সোমবার রাত ২টার দিকে আবু জাফর প্রদীপের লাশ উদ্ধার করেন তারা।
৩৫ বছর বয়সী প্রদীপ রজপাড়া গ্রামের মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।
প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রোববার বিকালে বাড়ির সামনে পুকুর পাড়ে প্রদীপের সঙ্গে তার বড় ভাই মো. সোহাগের পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়।
প্রদীপ সাধারণত ৯টার মধ্যে বাড়ি ফেরে। কিন্তু সেদিন রাত ১২টার সময়ও প্রদীপ ফিরে না আসায় প্রতিবেশীদের নিয়ে তারা খোঁজাখুজি শুরু করে এবং থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক পর্যায়ে পুকুর থেকে প্রদীপের ভাসমান লাশ উদ্ধার করে বলে জানান জসিম।
তিনি বলেন, “প্রদীপের পেট ও ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। আর তার বড় ভাই সোহাগ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।”
প্রদীপের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
