সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে ঘরের উপর পড়ে একই পরিবারের চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আটজন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পুর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান।
মৃতরা হলেন-ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমদ (৩৫),তার স্ত্রী সুমি বেগম (৩০), ছেলে সাফি আহমদ (৫) ও বড় ভাই মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীম আরা বেগম (৪৮)।
ওসি বলেন, জুবায়ের তার পরিবারের সঙ্গে টিলার নিচে একটি টিনশেড ঘরে থাকতেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে টিলা ধসে তাদের ঘরের ওপর পড়লে চারজনেই মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পূর্বসাতজনি গ্রামের আরও ১০/১২টি পরিবার টিলার নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, “টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে থাকা লোকজনদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।”
এদিকে টিলা ধসে মৃত্যুর ঘটনায় মৃত প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহতদের পাঁচ হাজার টাকা করে সহায়তা এবং তাদের চিকিৎসার তদারকি করা হচ্ছে বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান।
