গাজীপুরে নারীকে ধর্ষণচেষ্টা মামলায় কাউন্সিলর গ্রেপ্তার
এক নারীকে ধর্ষণচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের এরশাদনগরের বাসা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে টঙ্গী থানার ওসি জাবেদ মাসুদ জানান।
গ্রেপ্তার ফারুক আহমেদ (৫০) গাজীপুর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
তার বিরুদ্ধে থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্ব পরিচয়ের সূত্রে এই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ফারুক। ২৩ মে সকাল ১০টার দিকে তিনি ফারুকের বাসায় যান। তাকে একা পেয়ে নেত্রী বানানোর প্রলোভনে ধর্ষণের চেষ্টা করেন ফারুক। পরে তার চিৎকারে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান ফারুক।
ওসি বলেন, শুক্রবার সকালে লিখিত অভিযোগের পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
