২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা নিয়ে ২ বন্ধুর মারামারিতে একজন খুন, একজন হাসপাতালে

রাজশাহী নগরীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে; আটক করা হয়েছে একজনকে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2022, 02:24 PM

Updated : 02 Aug 2022, 01:40 PM

সোমবার রাত ২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটা মোড়ে এ ঘটনা ঘটে বলে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান।

নিহত রাব্বি (২৫) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে। তিনি স্থানীয় একটি বরফ মিলের কর্মচারী ছিলেন।

আটক যুবকের নাম ইমন (২৪)। তিনি একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। ইমন ও রাব্বি বন্ধু। ঘটনার সময় আহত ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পুলিশ পাহারায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, আর্থিক লেনদেন নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ চলছিল। রাতে চারখুটার মোড়ে নির্মাণাধীন দশতলা ভবনের পাশে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে কুপিয়ে জখম করে। এতে রাব্বি ঘটাস্থলেই মারা যান।

“ঘটনার সময় ধস্তাধস্তিতে ইমনও গুরুতর আহত হন। পুলিশ গিয়ে ইমনকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর রাব্বির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।“