২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্যাতনকারী মাদকাসক্ত’ ছেলেকে পুলিশে দিলেন বাবা

বাবা ও মাকে নির্যাতনের অভিযোগে পিরোজপুরে এক মাদকাসক্ত’ যুবককে পুলিশে দিয়েছেন তার বাবা।   

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2022, 08:43 PM

Updated : 02 Aug 2022, 01:37 PM

শুক্রবার দুপুরে জেলার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।

গ্রেপ্তার অমিত চন্দ্র শীল (২৫) ইন্দুরকানী বাজরের নরসুন্দর অমল চন্দ্র শীলের ছেলে।

অমল চন্দ্র শীল বলেন, ইন্দুরকানী বাজরে তার সঙ্গে দোকানে নরসুন্দরের কাজ করতেন অমিত। প্রায়ই তিনি নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে মা ও বাবাকে [অমল] মারধর ও নির্যাতন করে করতেন অমিত।

“আজ শুক্রবার সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় দোকানের চাপ তুলনামূলক বেশি থাকে। দুপুরে অমিতকে দোকানে কাজ করতে বললে সে চাকু নিয়ে আমার দিকে তেড়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়।”

অমল আরও বলেন, “ছেলের নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।”

পুলিশের সামনে ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদছিলেন অমল। এরপর লিখিত অভিযোগ দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নির্যাতনের কারণে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।